তিন দিন পর বন্ধ ঘরের দরজা খুলে মিলল শিক্ষার্থীর মরদেহ

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমা যে কক্ষে থাকতেন, সেটির দরজা গত দুই থেকে তিন দিন ধরে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার পর কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি নিয়ে বাড়ির মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এদিকে রিমার প্রকৃত ঠিকানা নিয়ে পুলিশের মধ্যে কিছুটা সংশয় দেখা দিয়েছে। বাড়ির ভাড়াটিয়া রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ উপজেলা উল্লেখ করা হয়েছে। তবে তার কক্ষ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে ঠিকানা ইসলামপুর উপজেলা লেখা রয়েছে। বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীর বলেন, রিমা আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়াশোনা করতেন বলে তিনি জানেন। এর বেশি তার সম্পর্কে তিনি কিছু জানতেন না।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে রিমার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় এমনটি ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাড়ির রেজিস্টারে রিমার ঠিকানা মাদারগঞ্জ উল্লেখ থাকলেও তার জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ঠিকানা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/২৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































