ঘাটাইলে ওষুধ কেলেঙ্কাকির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪৬
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিক-আপ বোঝাই সরকারি ওষুধ কেলেঙ্কারির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো থানা ও হাসপাতাল ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল নিয়ে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে ঘাটাইল কলেজ মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এসময় সড়কের দু'পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পিক-আপ চালকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার সময় বেধে দেন বিক্ষোভ কারীরা এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগরসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

গত বুধবার রাত ১১টার দিকে একটি পিক-আপ বোঝাই করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে গাড়িটি পৌঁছালে আটক করেন স্থানীয়রা। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানায় চুরির মামলা করেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এজাহারে বলা হয়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপচালক আজমত আলীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন হাসপতালের পরিত্যক্ত কোয়র্টার্সে চুরি করে। সেখান থেকে পিকআপ গাড়িতে ভরে ওষুধপত্র চুরি করে। ওষুধ ছিল ২৫ বস্তা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আসামি আজমত আলীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে ওষুধকান্ডে শুধু পিকআপচালকের বিরুদ্ধে মামলা করায় ফুঁসে ওঠেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। হাসপাতালের কাউকে আসামি না করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপাতাল ঘেরাও করেন শ্রমিক ও স্থানীয় জনগণ।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বলেন, এই বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) আলমীর কবিরকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কাজে হাসপাতালের অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, এ বিষয়ে স্থানীয় বিক্ষোভ কারীদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই শহীদদের আত্মত্যাগেই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ
সাংবাদিকতা এখন আগের চেয়ে স্বাধীন, তবে চ্যালেঞ্জ শেষ হয়নি: কাদের গনি চৌধুরী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে  ৩ শিশুর মৃত্যু , আক্রান্ত ৯৪৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা