আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালুর দাবিতে মহাসড়কে বিক্ষোভ

প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাকে আধুনিকায়নের মাধ্যমে সচল করা এবং এর পূর্বনাম আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামকরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।
তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আশুগঞ্জ উপজেলা শাখা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতি এবং আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএর নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকার সামনে এ এফ সি সি এল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান, কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন , ২০১০ সালের পর থেকে একটি মহল গ্যাস রেশনিং এর নামে সার কারখানা বন্ধ রেখে সার আমদানিতে লিপ্ত হয়। এর কারণে দীর্ঘদিন বন্ধ থেকে সার কারখানাটি যান্ত্রিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ১ মার্চ থেকে কারখানা বন্ধ থাকার ফলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়ে। মূলত গ্যাস সংকটের কারণে ২০১০ সালের পর থেকে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সরকার খানা উৎপাদন বন্ধ রাখা হচ্ছে। এ অবস্থায় সারের আমদানি নির্ভরতা কমাতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আশুগঞ্জ সার কারখানাকে আধুনিকায়ন ও স্বাভাবিক গ্যাস সরবরাহের মাধ্যমে দ্রুত সচল করতে সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে এবং এর পূর্বনাম আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামকরণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা স্বল্প সময়ের জন্য ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































