গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলির ঘটনায় গ্রেপ্তার ৪, বিদেশি পিস্তল-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় গেন্ডারিয়া থানার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিবির ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা চালানো হয়।

এর ধারাবাহিকতায় বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারজনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ডিবির ওয়ারী বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী সড়কের পাশে গেন্ডারিয়ার মীর হাজীরবাগ এলাকায় ইসরাত কনস্ট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফরিদ বেপারীর কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি স্টিলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর প্যান্টের সামনের পকেট থেকে ১৬০টি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. সবুজের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশি পিস্তল ও একটি স্টিলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া শাহাদাত হোসেন আলিফের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং রিফাত হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত লোহার তৈরি একপাশ ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্র ও মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। গত ৩০ আগস্ট স্বামীবাগ এলাকায় গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে তাদের ছবি শনাক্ত হওয়ার পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা’ এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা