রূপগঞ্জে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ার ব্রাহ্মণগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী সাতটি হত্যাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৬ মামলার আসামি কালাই সবুজকে বিদেশি আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ডগুলি ও তার সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মৃত শাহাদাতের ছেলে।
এ ঘটনায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেসব্রিফিংয়ে জানান, কালাই সবুজ নামের শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, পাশাপাশি নানা অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। সে মুড়াপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব করতে চেষ্টা করতো। সম্প্রতি তার অবস্থান ও গ্রেপ্তারে রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হলে গত ৩ মাসের নজরদারিতে গতকাল রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী তার দেয়া তথ্যে তার সহযোগী বিভিন্ন মামলার আসামি এজাজুলকেও রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












