মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন

মাদকসংক্রান্ত অপরাধের বিচার দ্রুত করতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় দেওয়া ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার জন্য একটি এবং ঢাকা মহানগরের জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল থাকবে। ঢাকা মহানগর-১-এর আওতায় পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, রমনা ও শাহবাগ থানা রাখা হয়েছে।
ঢাকা মহানগর-২-এর আওতায় রয়েছে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা। ঢাকা মহানগর-৩-এর আওতায় মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা রয়েছে।
ঢাকা মহানগর-৪-এর আওতায় রাখা হয়েছে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা।
এ ছাড়া নারায়ণগঞ্জের জন্য দুটি, চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মাদকপ্রবণ সীমান্ত এলাকা কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার-১-এর আওতায় টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী; কক্সবাজার-২-এর আওতায় উখিয়া, সদর ও ঈদগাঁও এবং কক্সবাজার-৩-এর আওতায় রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা রাখা হয়েছে।
কুমিল্লার জন্য দুটি ট্রাইব্যুনাল এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার জন্য একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো সংশ্লিষ্ট আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।
মামলাগুলো যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায় থেকেই ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন এ ব্যবস্থা কার্যকর হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































