মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে বিভিন্ন আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাজশাহীর বাস শ্রমিকরা জানান, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশ্যে পাঠানো হয়।
এই ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা ‘রাব্বি পরিবহন’-এর বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
তবে এই বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।'
(ঢাকা টাইমস/৪সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































