উইপোকায় আক্রান্ত কক্ষ, রাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকা দেখতে পেয়ে রাতে সেখানে না থেকেই সার্কিট হাউস ছেড়ে চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কক্ষ পরিবর্তনের অনুরোধ জানানোর পরও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় তিনি সার্কিট হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়েছিল।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। লংমার্চটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পরে চৌদ্দগ্রামে পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাত ১০টার দিকে বিশ্রাম নিতে কক্ষে গেলে তিনি সেখানে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে আলমারির ভেতরে বালিশ ও কম্বল রাখার স্থানসহ কয়েকটি জায়গায় উইপোকার বাসা এবং বিপুলসংখ্যক উইপোকা দেখা যায়।
এতে অসুবিধা বোধ করে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলেরও ব্যবস্থা করতে বলা হয়।
তবে সংশ্লিষ্টদের অভিযোগ, বিষয়টি জানানোর পরও তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা হয়নি। পরে এ বিষয়ে কুমিল্লার এনডিসিকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এসএমএসের মাধ্যমে জানানো হয়। এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।
শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।
ঘটনাটি নিশ্চিত করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এমন অব্যবস্থাপনা দুঃখজনক। একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে সমস্যা দেখা দেওয়ার পরও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বলেন, রাতে সার্কিট হাউস থেকে এনডিসিকে ফোন করে বিরোধীদলীয় উপনেতার জন্য বরাদ্দ করা কক্ষে সমস্যার কথা জানানো হয়। পরে এনডিসি তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসে কর্মরতদের কক্ষ পরিবর্তনের নির্দেশ দেন এবং সমস্যাযুক্ত কক্ষটি পরিষ্কার করারও নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার পরই সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. সাইফুল ইসলাম বলেন, বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ছেড়ে চলে যাওয়ার বিষয়টি প্রশাসনের জন্যও দুঃখজনক।
(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































