নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) বলাৎকারের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এদিকে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুরটির মা তার সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় আসেন। এ সময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত ২৭ আগস্ট রাতে তাকে পায়ুপথে বলাৎকার করেছে। শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে এ বিষয়ে জানতে চায়লে ঘটনার বর্ণনা দেয়।
মাদরাসার আরও পাঁচ শিশু জানায়, গত কয়েকদিন ধরে তাদেরকেও পায়ুপথে শিক্ষক মাহবুবুর রহমান বলাৎকার করেছে। এসব ঘটনা জানাজানির পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান মাদরাসা থেকে ২৮ আগস্ট পালিয়ে যান। ২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে ১৪ জন ছাত্র হেফজ বিভাগে পড়ালেখা করছে। এর মধ্যে ছয়জনকে পায়ুপথে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর শিক্ষক আছেন দুজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তাকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকা টাইমস/৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







