মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ১৪০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৪ জন, শাহ আলী থানায় ১৯ জন, পল্লবী থানায় ২৯ জন, কাফরুল থানায় ২৮ জন, দারুস সালাম থানায় ১৯ জন, রূপনগর থানায় ৭ জন এবং ভাসানটেক থানায় ৪ জন আসামি রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







