‘মেয়াদোত্তীর্ণ’ নয়, ফিটনেস সনদ নিয়েই চলছে পিংক বাস: বিআরটিসি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পিংক বাস সার্ভিসে থাকা ১৪টি বাসেরই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া ফিটনেস সনদ রয়েছে। এসব বাসের ফিটনেস সনদ ২০২৭ সাল পর্যন্ত হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার লক্ষ্যে গত ১৮ আগস্ট রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ‘মহিলা বাস (পিংক বাস) সার্ভিস’ চালু করে বিআরটিসি।
বাস-মিনিবাসের ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর বলে উল্লেখ করেছে বিআরটিসি। এ জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি স্মারকের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিআরটিসি বলেছে, পিংক বাস সার্ভিস চালুর আগে ও পরে দেওয়া বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারা কোথাও নতুন বাস দিয়ে সার্ভিসটি চালুর কথা বলেনি। সংস্থার সক্ষমতার মধ্যে থাকা পুরোনো বাসগুলো নিজস্ব কারখানায় প্রয়োজনীয় মেরামত শেষে ফিটনেস সনদ নিয়ে সার্ভিসে যুক্ত করা হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস সার্ভিস!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমে একই সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিআরটিসি বলেছে, ওই প্রতিবেদনে বাস প্রস্তুতকারী কোম্পানির দেওয়া ‘প্রত্যাশিত আয়ুষ্কাল’কে বাসের ‘প্রকৃত আয়ুষ্কাল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
বিআরটিসির ভাষ্য, দেশের সড়কে যানবাহন চলাচলের অনুমোদন ও ফিটনেস সনদ দেওয়ার দায়িত্ব বিআরটিএর। বিআরটিসিও প্রচলিত আইন ও বিধিবিধান মেনে যাত্রী ও পণ্য পরিবহন সেবা পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিংক বাসের বহরে থাকা ১৪টি বাসেরই বিআরটিএর দেওয়া ফিটনেস সনদ ২০২৭ সাল পর্যন্ত হালনাগাদ রয়েছে। অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার পর শুধু নতুন রং বা মোড়ক দিয়ে বাসগুলো সার্ভিসে যুক্ত করা হয়েছে—এমন অভিযোগও নাকচ করেছে বিআরটিসি।
সংস্থাটি জানিয়েছে, পিংক বাসের বহরে দ্রুত ১০০টি বৈদ্যুতিক বাস (ইভি) যুক্ত করার প্রক্রিয়া চলছে। বাস কেনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্ভিস উদ্বোধনের দিনই এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













