ধানমন্ডির জিংলিং রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমন্ডির জিংলিং রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন রান্নাঘর এবং বিভিন্ন খাদ্যপণ্য যথাযথ লেবেল ছাড়া সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ধানমন্ডির ৩২, বীর উত্তম এম এ রব সড়কে অবস্থিত জিংলিং রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। সেখানে ডাস্টবিন খোলা অবস্থায় ছিল, মেঝে স্যাঁতসেঁতে এবং টাইলস ফাটা ছিল। ধোয়ার বেসিনেও নোংরা পানি জমে থাকতে দেখা যায়।
এ ছাড়া রেফ্রিজারেটরে যথাযথ লেবেল ছাড়া মেরিনেটেড চিকেন, ভাজা মাছ-মাংস, দই, বোরহানি ও বিভিন্ন ধরনের মসলা সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট নিবন্ধন সনদ, হালনাগাদ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।
পরে এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












