কিশোর গ্যাং নিয়ে ‘বরিশাল গেট’ রেস্টুরেন্টে তাণ্ডব, হামলাকারীদের না ধরে কর্মচারীদের থানায় নেওয়ার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরের ‘বরিশাল গেট’ রেস্টুরেন্টে চাঁদা না পেয়ে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রস্তুতি নেওয়া পলাশ শেখের নেতৃত্বে এই হামলায় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ১৫ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং দল অংশ নেয়।
জানা গেছে, সম্প্রতি রেস্টুরেন্টটির মালিকপক্ষের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ শেখ নামের ওই ব্যক্তি প্রথমে কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তোলেন। একপর্যায়ে হোটেলের ম্যানেজারের সাথে সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পরে পলাশ শেখের ফোন পেয়ে স্থানীয় একটি কিশোর গ্যাং দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালান। এসময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দামি বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার পাশাপাশি হোটেলের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর আরও বিপাকে পড়েন হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা। জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের আটক না করে হোটেলের ম্যানেজার ও কয়েকজন কর্মচারীকে থানায় নিয়ে যায়। এতে হামলার শিকার কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘হামলাকারীদের হাত থেকে প্রাণে বাঁচাতে আমরা তাদের থানায় এনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত রেস্টুরেন্ট ম্যানেজার ও কর্মচারীদের থানায় আটকে রাখা হয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এ বিষয়ে পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র ঢাকা টাইমসকে বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি তাদের নজর এসেছে। কোনো প্রভাবশালী তারা কোনো পুলিশ সদস্য প্রভাবিত হলে সংশ্লিষ্টদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













