চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে চাঁদপুর কোস্ট গার্ড।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জনৈকা এক মহিলা তার পুত্রবধূকে নিয়ে “ফারহান-৩” লঞ্চ যোগে ঢাকা সদর ঘাট হতে ভোলার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত ১১টায় চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত মহিলার পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়ে। এসময় উক্ত লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট যোগে হরিণা ফেরিঘাটে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
(ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











