তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ আসামি গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৫ জন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ১৯ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ৩২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন এবং হাতিরঝিল থানায় ১২ জন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













