সারের ডিলার কমিশন বাড়ল, কৃষকের দাম অপরিবর্তিত

সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের কমিশন বাড়িয়েছে সরকার। এখন থেকে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যায়ে প্রতি কেজিতে কমিশন ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এসব সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন এ দাম আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।
ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এ সারের দাম ২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম ২৫ টাকা থেকে কমিয়ে প্রতি কেজি ২৪ টাকা করা হয়েছে। এ সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।
অন্যদিকে, এমওপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য ২০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
চার ধরনের সারের ক্ষেত্রেই ডিলার পর্যায়ের নির্ধারিত দাম প্রতি কেজিতে ১ টাকা করে কমানো হয়েছে। অন্যদিকে, কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকায় ডিলারদের প্রতি কেজি সারে কমিশন দাঁড়াবে ৩ টাকা।
ফলে সরকারের নতুন সিদ্ধান্তে কৃষকদের সারের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হবে না। তারা আগের নির্ধারিত দামেই ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কিনতে পারবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













