সরকারের নীতিমালা অনুযায়ীই সবাইকে দায়িত্ব পালন করতে হবে: হুইপ আশ্রাফ 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬
অ- অ+

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান এমপি।

তিনি বলেন, মাদকসেবীদের একসঙ্গে রাখা যাবে না। তাদের আলাদাভাবে রাখতে হবে। মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চাঁদপুর ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র। সারা পৃথিবী চাঁদপুরকে ইলিশের জন্য চেনে। তাই ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোস্টগার্ডের কার্যক্রম প্রসঙ্গে হুইপ বলেন, মালামাল জব্দ করে মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি—এটা কেন হবে? জব্দ করা মালামালের ঘটনায় আইন অনুযায়ী মামলা করতে হবে এবং জড়িতদের আটক করার নির্দেশ দেন তিনি।

চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, জেলার আটটি উপজেলায় মাত্র দুইজন সহকারী অফিসার দিয়ে কীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে? এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে হুইপ নিজান জানান, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার যে প্রজ্ঞাপন হয়েছিল, সেটি পরিবর্তন করে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট সেবা নিতে গিয়ে মানুষ যেন হয়রানির শিকার না হয়। কর্মকর্তাদের যোগসাজশে দালালদের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ খতিয়ে দেখতে হবে। বিদেশগামীদের তিন দিনের প্রশিক্ষণ নিয়েও যেন অযথা ভোগান্তি না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হুইপ বলেন, এটা তারেক রহমানের সরকার। সরকারের নীতিমালার বাইরে আমরা কিছু করতে পারব না। সরকারের নীতিমালা অনুযায়ীই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজেরা উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন হুইপ এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান। গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের সভায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সরাসরি উপস্থিত থেকে নিজেদের কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরার নির্দেশ দেন তিনি।

এসময় বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট উজালা রানী চাকমা।

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
বাবা হত্যা দায়ে ছেলেসহ ২ জনের মৃত্যুদণ্ড
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
পবিত্র মক্কায় হামলার সতর্কতা জারি সৌদির