বগুড়ায় শজিমেক হাসপাতালে চার আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি বহনকারীর বিরোধ থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭) নামে চারজনকে আটক করেন। পুলিশ জানিয়েছে, আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনকারী নাহিদ ট্রলি ভাড়া বাবদ অতিরিক্ত ভাড়া দাবি করলে রোগীর স্বজনদের কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাহিদকে মারধরের ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি থামাতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে চার আনসার সদস্য ছুরিকাহত হয়েছেন বলে আনসার কর্তৃপক্ষ দাবি করেছে। খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় জড়িত কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য ছুরিকাহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











