সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫
অ- অ+

সিরাজগঞ্জের কাজীপুরে ভ্যানচালক শাজাহান আলী হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নিহতের স্ত্রী শিরিনা খাতুন, শ্বশুর সিরাজ আলী ও শাশুড়ি বানেছা বেগমকে পাঁচ বছর করে কারাদণ্ড ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার কুমারিয়াবাড়ী গ্রামের সুরুজ আলী, হারুন, শিবলু ও লাল মিয়া।

আদালতের অতিরিক্ত পিপি মো. এনামুল করিম (শাহীন) বলেন, মামলার মোট ৮ জন আসামির মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে ৫ বছর করে কারাদণ্ড ও আসামি আসমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে জামালপুর সরিষাবাড়ী উপজেলার বনগ্রাম গ্রামের আরফান আলীর ছেলে শাজাহান আলীর সঙ্গে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুমারিয়াবাড়ী গ্রামের সিরাজ আলীর মেয়ে শিরিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের ৬ মাস পর শিরিনাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আনা হয়। ২০ দিন পর শিরিনার শ্বশুরবাড়ির লোকজন তাকে আনতে গেলে আসামি হারুন, শিবলু, সুরুজ ও লাল মিয়ার কুমন্ত্রনায় শিরিনার মা-বাবা শিরিনাকে শ্বশুরবাড়িতে আসতে বাধা দেয়। এ নিয়ে শিরিনার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ শুরু হয়। কিছুদিন পর শাজাহান আলী তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে গেলে শ্বশুর-শাশুড়ির অনুরোধে সে শ্বশুরবাড়িতে থেকে যায় এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। শাজাহান আলী শ্বশুরবাড়িতে থাকাবস্থায় আসামি হারুন ও শিবলু তার শ্বশুরবাড়িতে ঘন ঘন যাতায়াত করতে থাকেন। যাতায়াতের বিষয়টি নিষেধ করলে আসামিরা শাজাহান আলীকে মারপিট করে এবং হত্যার হুমকি দেয়।

২০০৯ সালের ১১ নভেম্বর শাজাহান আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরের দিন ১২ নভেম্বর শ্বশুরবাড়ির উঠানে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করে মরদেহ মাটিতে পুতে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা আরফান আলী মামলা করেন। মামলার তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করে আদালত।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম
মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী কারাগারে