রাজশাহীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ বিতরণ

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে তিন শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে রাসিকের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বন্যাদুর্গতরা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, বন্যার কারণে খাবারের সংকট দেখা দিয়েছে। এ সময়ে রাসিকের পক্ষ থেকে পাওয়া ত্রাণ তাঁদের কিছুটা হলেও দুর্ভোগ কমাতে সহায়তা করবে।
রাসিক সূত্র জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে রাসিকের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম রঞ্জু, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে রাসিকের পক্ষ থেকে ত্রাণ ও জরুরি ওষধ বিতরণ করা হয়। পরে ওই এলাকার বন্যাদুর্গত সব পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











