জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার ভাটারা পূর্বপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ভাটারা পূর্বপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠান থেকে শাহ আলমকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন বলেন, গত ৬মাস আগেই তাকে নারী কেলেঙ্কারির জন্য বহিষ্কার করা হয়েছে। তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সকল আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












