রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম বেড়েছে, কমেছে মাছের

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে পেঁপে ও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। অন্যদিকে, সরবরাহ বাড়ায় ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের দাম কমেছে।
রাজধানীর কারওয়ান বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ৫ টাকা বেড়ে ২০ থেকে ৫০ টাকা হয়েছে। ৫ টাকা বেড়ে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়।
অন্যদিকে, পেঁপে ও কাঁচা মরিচের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহে ঘাটতি নেই। তবে সরবরাহের তুলনায় বিক্রি কম।
বিক্রেতাদের ভাষ্য, নতুন কিছু সবজি বাজারে আসতে শুরু করায় দামে কিছুটা ওঠানামা করছে। তবে পেঁপে ও কাঁচা মরিচের দাম কমেছে।
কাঁচাবাজারে আসা ক্রেতাদের কেউ কেউ বলছেন, কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালাতে চাপ বাড়ছে। অনেকে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।
কমেছে মাছের দাম
সবজির বাজারের বিপরীতে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা কমেছে। চাষের চিংড়ির দাম কেজিতে প্রায় ১০০ টাকা কমেছে। রুই মাছ কেজিতে ৫০ টাকা কমে ৪৫০ থেকে ৫০০ টাকা এবং শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ইলিশের দামও আগের তুলনায় কমেছে। আকারভেদে রাজধানীর বাজারে ইলিশ ৫৫০ টাকা থেকে ১ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। গত সপ্তাহের তুলনায় রুই ও শিং মাছের দামও কমেছে।
ডিমের দামও বেড়েছে
মুরগির দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ডিমের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ডজনপ্রতি ৫ টাকা বেড়ে লাল ডিম ১৪৫ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া গত সপ্তাহের তুলনায় ময়দার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৮২ টাকা দরে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












