আর্থিক বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঢাকার শাহ আলী এলাকায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। গতকাল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এসআরবি জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানার চিলড্রেন পার্কের পানির পাম্পসংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান মনিরুল। ঘটনার পর এসআরবি-৪-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্কসংলগ্ন ওই বাসায় ভাড়ায় ওঠেন।
এসআরবির ভাষ্য, নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা নেওয়ার জন্য মনিরুল তাঁকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল তার ওপর নির্যাতন চালাতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি, মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নিহত নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তখন হাতের কাছে থাকা চাকু দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন মনিরুল। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে এসআরবি।
পরে নিহত নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার মনিরুলকে ওই মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












