কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন আটক

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া। তিনি জানান, অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে।
এর আগে অপ্রতিমের মা সেই শিক্ষিকা ফেসবুক পোস্টে আকুতি জানিয়ে লেখেন, আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












