দুর্বৃত্তদের হাতে নিহত অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অপ্রতীমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতীম।
নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে অভিযান চালান। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি অপ্রতীমদের বাসায় নিয়ে যাওয়া হয়।
অপ্রতীমের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













