দুর্গম খালিয়াজুড়ী থানায় ১০ বছর পর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

নেত্রকোনার দুর্গম খালিয়াজুড়ী থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজ পরিদর্শনের পাশাপাশি সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলা সদর থেকে খালিয়াজুড়ীর উদ্দেশে রওনা হন রেঞ্জ ডিআইজি। দুর্গম এই এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং থানার নতুন ভবন নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে দেখাই ছিল তার সফরের অন্যতম উদ্দেশ্য।
প্রায় চারদিক পানিবেষ্টিত খালিয়াজুড়ী থানায় বছরের বিভিন্ন সময়ে যোগাযোগব্যবস্থাও ভিন্ন। বছরে প্রায় পাঁচ মাস নৌপথে, পাঁচ মাস সড়কপথে এবং বাকি দুই মাস পায়ে হেঁটে সেখানে যাতায়াত করতে হয়। জেলা সদর থেকে সরকারি গাড়িতে করে ডিআইজি মদন উপজেলার উচিতপুর ঘাটে পৌঁছান। সেখান থেকে রেসকিউ বোটে নৌপথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুড়ী বাজার ঘাটে পৌঁছান তিনি। পরে সেখান থেকে সাধারণ যাত্রীর মতো অটোরিকশায় করে খালিয়াজুড়ী থানায় যান।
থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে ডিআইজি থানার নির্মাণাধীন আধুনিক ভবন ঘুরে দেখেন। এ সময় তিনি ভবন নির্মাণের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং নির্মাণকাজের গুণগত মান ঠিক আছে কি না, তা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন।
এরপর ডিআইজি পুরোনো থানা ভবন ও থানা চত্বর ঘুরে দেখেন। পরে থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় জনগণের সেবা সহজতর করা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে তদারক করা এবং পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ জাহিদুল হাসান।
পুলিশ সূত্র জানায়, গত ১০ বছরের মধ্যে খালিয়াজুড়ী থানায় কোনো রেঞ্জ ডিআইজির এটি প্রথম সফর। এর আগে ২০১৬ সালে তৎকালীন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন খালিয়াজুড়ী থানা পরিদর্শন করেছিলেন।
ডিআইজির এ সফরের সময় নেত্রকোনা জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











