নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারুণ্যের মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত খেলায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়।
আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান।
এদিকে, মাঠে বল গড়ানোর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে খেলার আনুষ্ঠানিক শুরু হয়। এরপর ৭০ মিনিটের কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধে গোপালগঞ্জের শিপন ফুটবল ট্রেনিং সেন্টার ১-০ গোলে খুলনার রুপক স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
শনিবার সন্ধ্যায় বিজয়ীদলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও সম্মানি টাকা তুলে দেওয়া হয়।
এছাড়া ‘ম্যান অব দ্যা ম্যাচ’ সেরা পুরস্কার দেওয়া হয় গোপালগঞ্জের গোলরক্ষক পলককে।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির জুবায়ের সিদ্দিকী রিফাত, সাহিদুর রহমান সাহেদ, রাসেল মাহমুদ, আবির মাহমুদ, সৈয়দ আল মামুন, মাজেদুল হক পরাগ, সুরুজ শেখ, শামীম শেখ, রাসেদ মাহমুদ, রুহুল আমিনসহ অনেকে।
খেলায় ধারাভাষ্য দেন সাজেদুল হক সোহাগ। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন।
প্রীতি ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিল আমাদা ফুটবল অ্যাসোসিয়েশন।
স্বাগতিক আমাদা ছাড়াও আশেপাশের বয়রা, উলা, কুচিয়াবাড়ি, নোয়াপাড়া, ঝিকড়া ও কামালপ্রতাপসহ অন্তত ১০টি গ্রামের হাজারো দর্শক তারুণ্যের মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলা উপভোগ করেন।
এছাড়া মাঠের বাইরে এড়েন্দা-লুটিয়া সড়কের আমাদা বাজার চত্বরে গ্রামীণমেলায় হরেক খাবারসহ অন্যান্য জিনিসপত্রের বেচাকেনা জমে উঠে।
আয়োজক কমিটির প্রধান জুবায়ের সিদ্দিকী রিফাত বলেন, তরুণদের সম্বন্বয়ে ২০১০ সাল থেকে ‘ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি’ যাত্রা শুরু হয়েছে। মাদকের আগ্রাসন থেকে সবাইকে দুরে রাখতে আমরা এ ধরণের ফুটবল খেলার আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা এ ধরণের আয়োজন অব্যাহত রাখব। এছাড়া সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন ধরণের সৃজনশীল কর্মকান্ডসহ ভালো উদ্যোগ গ্রহণ করতে চাই।
আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান বলেন, খেলাধূলা মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলে। বিশেষ করে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে সমাজকে নিরাপদ রাখতে খেলাধূলা বড় ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি সালাউদ্দিন খান বলেন, এই খেলার মধ্যদিয়ে বিভিন্ন গ্রামের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়েছে। এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শক্তি ও সাহস যোগাবে।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











