আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সন্ধা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানার ভিতরে হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কেঁপে উঠে এবং আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানী জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারনা বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













