রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬
অ- অ+

রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও টিটিরা মারধর করেছেন—এমন অভিযোগে স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

আহত শিক্ষার্থীর নাম আইয়ুব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা স্টেশনে গিয়ে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা স্টেশনেই অবস্থান করছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাতে স্টেশনের গেটে আইয়ুবের সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা টিটি ও রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করেন।

আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের একপর্যায়ে আইয়ুব মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় আছেন। কয়েকবার বমি করার পাশাপাশি তাঁর নাক দিয়ে রক্তপাত হয়েছে বলেও জানান তিনি।

আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন।’ তিনি জানান, নিউরোসার্জনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আইয়ুবকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীর চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণের প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ করেছেন তিনি।

এদিকে ঘটনার প্রতিবাদে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করতে সেখানে যান। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ কমান্ড্যান্টের সই করা এক দপ্তরাদেশে অভিযুক্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা