খুলনায় আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

খুলনার আলোচিত শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে বাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












