ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চোরের মৃত্যু

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাউডাঙ্গা কলেজের পেছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব পাটকেলঘাটা থানার মির্জাপুর নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তুজলপুর মাঠে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন সোহরাব। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
স্থানীয় কয়েকজন জানান, সোহরাব এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











