তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর গ্যাং পরিচালনা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারকৃত শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত অপর তিন আসামি হলেন–সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রাবণ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিলেন।

এসআরবির এই কর্মকর্তা বলেন, শ্রাবণের নেতৃত্বাধীন গ্যাংয়ের সদস্যসংখ্যা প্রায় ৫০ থেকে ৬০। রূপগঞ্জে সক্রিয় দুটি প্রধান কিশোর গ্যাংয়ের একটি শ্রাবণ পরিচালনা করতেন। অপরটি ‘নবী গ্রুপ’ নামে পরিচিত। গ্রেপ্তার এড়াতে শ্রাবণ এক জায়গায় স্থায়ীভাবে থাকতেন না; বিভিন্ন এলাকায় রাত কাটিয়ে আত্মগোপনে থাকতেন বলে জানায় এসআরবি।

মাসুদ পারভেজ বলেন, শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে কেউ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলে তাকে লক্ষ্য করে হামলা করা হতো বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের খবর পেলে বাদীর বাড়িতে গিয়ে তাণ্ডব চালানো এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে জখম করার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, একটি মামলার কারণে বাদীর বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আমেনা বেগম নামের এক নারী মামলা করায় তার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

এসআরবি জানায়, মামলার বাদী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর কারণে অনেকে তার বিরুদ্ধে অভিযোগ করতেও সাহস পেতেন না।

ফল ব্যবসায়ী হত্যা ও অপহরণ মামলার কথা জানাল এসআরবি

মাসুদ পারভেজ বলেন, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে হত্যার ঘটনায় শ্রাবণ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর শ্রাবণের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বরের বহুল আলোচিত ‘নাদিম অপহরণ’ মামলায় শ্রাবণকে এক নম্বর আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এসআরবির ভাষ্য, রূপগঞ্জ এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গে শ্রাবণ জড়িত ছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

মাসুদ পারভেজ আরও বলেন, ২০২৪ সালে যৌথ বাহিনীর অভিযানে শ্রাবণ গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ছয় থেকে সাড়ে ছয় মাস পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

‘কুত্তা শ্রাবণ’ নামটি যেভাবে

শ্রাবণের নামের সঙ্গে ‘কুত্তা’ শব্দটি কীভাবে যুক্ত হলো? এমন প্রশ্নের জবাবে মাসুদ পারভেজ বলেন, তার বাবার নামের সঙ্গেও শব্দটি যুক্ত ছিল। তার বাবাও একাধিক মামলার আসামি ছিলেন এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি করেন তিনি। সেখান থেকেই শ্রাবণের নামের সঙ্গে ‘কুত্তা’ শব্দটি যুক্ত হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

মাসুদ পারভেজ বলেন, রূপগঞ্জে শ্রাবণের নেতৃত্বাধীন গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে রেলেওয়ের জমি লিজে অনিয়ম, দখল-বাণিজ্যের অভিযোগ
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
আজ দিন ও রাত প্রায় সমান, ধীরে ধীরে দীর্ঘ হবে রাত
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেছেন তাসকিন