স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ, এক বছর পর কিশোরী উদ্ধার

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের প্রায় এক বছর পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার গভীর রাতে শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
বুধবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর বাসায় ফেরেনি সে।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. জিন্নাত পরদিন ১৭ সেপ্টেম্বর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বুধবার রাত আড়াইটার দিকে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













