নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহ্ মোস্তফা আলমগীর ডিবির অভিযানে গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে
তাকে গ্রেপ্তার করে।
বিকালে ডিএমপির ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডিবি বলছে, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাহ্ মোস্তফা আলমগীরের বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












