রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করার অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আদালতটি পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সুজন পলান, মো. সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছা. রিনা পারভিন।
এসআরবি-৫-এর মিডিয়া সেল জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রতিষ্ঠার পর থেকে এসআরবি বিভিন্ন ধরনের অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এর মধ্যে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তার, ছিনতাই, অপহরণ, মাদক ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন সৃষ্টির অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












