পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আবারও ত্রাণ বিতরণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

রাজশাহীতে পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে আবারও ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন পঞ্চবটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, তেল, ময়দাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে বন্যার্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে সহযোগিতার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণকালে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীর অসহায়, নিপীড়িত ও বন্যাকবলিত মানুষের পাশে তিনি সবসময় থাকার চেষ্টা করবেন। দুর্যোগের সময়ে মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী এসব এলাকায় বন্যার কারণে অনেক পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। এ সময়ে খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











