ঢাকাটাইমস ডিজিটালের নাম-লোগো নকল করে ভুয়া পেজ, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

মোহাম্মদ আরিফুর রহমান সম্পাদিত ঢাকাটাইমস-এর ডিজিটাল প্ল্যাটফর্ম Dhaka Times Digital-এর নাম, লোগো, ফটোকার্ড ও ভিডিও কনটেন্ট নকল করে একই নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। Dhaka Times Digital Official নামের ওই পেজ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামে বিভ্রান্তিকর ভিডিও এবং তথ্য ছড়িয়ে তাদের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে।
ঢাকাটাইমস ডিজিটাল ফেসবুক পেজের যাত্রা শুরু হয় ২০২৪ সালের অক্টোবরের শুরুতে। ঢাকাটাইমস দৈনিকের পাশাপাশি ঢাকাটাইমস২৪ডটকম নামে একটি নিউজ পোর্টালও দেশজুড়ে পাঠকসমাদৃত। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের অক্টোবর মাসের শুরুতে যাত্রা শুরু করে ঢাকাটাইমস ডিজিটাল (Dhaka Times Digital) ফেসবুক পেজের। যাত্রার পর প্ল্যাটফর্মটি নিয়মিত বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রকাশ করে আসছে এবং এরই মধ্যে বিপুলসংখ্যক দর্শক-অনুসারীর কাছে পৌঁছেছে। বর্তমানে এর অফিসিয়াল ফেসবুক পেজ Dhaka Times Digital-এর অনুসারী প্রায় ১৬ হাজার।
এরই মধ্যে চলতি বছরের জানুয়ারিতে কে বা কারা DhakaTimesDigitalOfficial নামে একটি ভুয়া ফেসবুক পেজ চালু করেছে। বর্তমানে পেজটির অনুসারী প্রায় ৫ হাজার ১০০। পেজটিতে ঢাকাটাইমস ডিজিটালের অফিসিয়াল পেজের লোগো ও কাভার ছবি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, অফিসিয়াল পেজে প্রকাশিত বিভিন্ন ফটোকার্ড ও ভিডিও কনটেন্টও নকল করে ওই পেজে প্রকাশ করা হচ্ছে।
পেজটির কার্যক্রম পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকাটাইমস ডিজিটালের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে ভিডিও প্রকাশ করা হচ্ছে। এসব ভিডিওতে বিভিন্ন ধরনের অভিযোগ, তথ্য ও বক্তব্য উপস্থাপন করা হলেও সেগুলোর সঙ্গে ঢাকাটাইমস ডিজিটালের কোনো সম্পৃক্ততা নেই। একইসঙ্গে এসব কনটেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা তৈরির সুযোগ সৃষ্টি করছে।
ঢাকাটাইমস কর্তৃপক্ষের দাবি, DhakaTimesDigitalOfficial নামে পরিচালিত পেজটি তাদের কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম নয়। নাম, লোগো, ফটোকার্ড ও ভিডিও কনটেন্ট নকল করে পেজটি পরিচালনার কারণে সাধারণ পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি ওই পেজ থেকে প্রকাশিত বিভিন্ন অপপ্রচারমূলক কনটেন্টের দায়ও ঢাকাটাইমসের ওপর পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকাটাইমসের উপ-সম্পাদক মোরশেদুল জাহের বলেন, ‘ঢাকাটাইমস ডিজিটাল অফিসিয়াল নামে ভুয়া পেজ তৈরি করে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের নাম, লোগো ব্যবহার করে একই রকম ফটোকার্ড ও ভিডিও ব্যবহার করা হচ্ছে, ফলে অনেক পাঠক বিভ্রান্ত হচ্ছেন।’
তিনি বলেন, আমরা ঢাকাটাইমস ডিজিটাল পেজটি ভেরিফাই ব্যাজের জন্য আবেদন করেছি। মেটার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং অপেক্ষায় আছি; আশা করা যায় যেকোনো সময়ই এটি পেয়ে যাব।
এদিকে ঢাকাটাইমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া পেজটির বিষয়টি তাদের নজরে এসেছে। ঢাকাটাইমস ডিজিটালের পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস ডিজিটালের অরজিনাল পেজ: https://www.facebook.com/DhakaTimesDigital
ঢাকাটাইমস ডিজিটালের নাম নকল করে পেজ: https://www.facebook.com/DhakaTimesDigitalOfficial
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













