দেশজুড়ে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু আজ

দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এবার বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গতকাল শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এর আগে গত রোববার সচিবালয়ে বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
তিনি জানান, পরবর্তী সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে দুই কোটি ২৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। এ সময় দেখা যায়, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইনের মাধ্যমে এরই মধ্যে আরও ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
ফলে এখনো ২৪ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরও প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে এবারের ক্যাম্পেইনে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১০ সেপ্টেম্বর ইউনিসেফের কাছ থেকে আরও ৪৩ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করা হয়েছে। এর আগে মজুত ছিল ১৫ লাখ ডোজ।
সব মিলিয়ে বর্তমানে ৫৮ লাখ ডোজ হামের টিকা মজুত রয়েছে। ১০ শতাংশ ওয়েস্টেজ হিসাব করেও প্রায় ৫২ লাখ ডোজ টিকা ব্যবহারযোগ্য থাকবে। ফলে ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার পরও অতিরিক্ত টিকা মজুত থাকবে।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












