মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো হেলাল উদ্দিন (৫৫) নামে একজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন—সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। এর আগে দুর্ঘটনার দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রায়েশা বেগম (৫৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একই পরিবারের চারজন নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে ১৪ জন যাত্রী পানিতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

এ ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম
দেশজুড়ে দ্বিতীয় দফার হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু আজ
কঙ্গোতে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী