ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান ডিএসসিসির

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে শনিবার (২৬ সেপ্টেম্বর) একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচিতে নগরবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান অব্যাহত থাকবে। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ওয়ার্ডগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।
ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’ অনুযায়ী, এডিস মশার লার্ভার ৩৫ দশমিক ২৩ শতাংশ বহুতল ভবন, ২৭ দশমিক ৭৬ শতাংশ স্বতন্ত্র বাড়ি, ১৭ দশমিক ৪৪ শতাংশ নির্মাণাধীন ভবন এবং ১৪ দশমিক ৫৯ শতাংশ সেমিপাকা বাড়িতে পাওয়া গেছে।
জরিপে আরও দেখা গেছে, এডিস মশার প্রজননক্ষেত্রের মধ্যে মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বসতবাড়ি বা ব্যক্তিগত আঙিনায় জমে থাকা পানি, ফুলের টব, এসি-ফ্রিজের ট্রে কিংবা বাথরুমের কমোডে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ শুধু সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। নিজ বাসাবাড়িতে জন্ম নেওয়া এডিস মশা পরিবারের সদস্যদের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়; নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসি জানায়, শনিবার সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হবে।
জনসচেতনতা বাড়াতে ৭৫টি ওয়ার্ডেই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ঘরে ঘরে বিতরণ করা হবে সচেতনতামূলক লিফলেট। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবারের ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ সফল করতে সর্বস্তরের নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে ডিএসসিসি। একই সঙ্গে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













