ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট করলো কারা?

রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, আবাসন প্রকল্পটির জমির মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এসময় নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মালিকানাধীন ওই আবাসন প্রকল্পে থাকা স্টুডিওটির পেশাদার প্রডাকশন সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর এবং লুট করা হয়।
হামলার সময় স্টুডিওতে থাকা দুই কেয়ারটেকারের একজন বলেন, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন জোর করে ভবনে ঢোকেন। পরে তারা স্টুডিওর শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট শুরু করেন। হামলাকারীদের অনেকের মুখে মাস্ক ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
ভাঙচুরের একপর্যায়ে দুই কেয়ারটেকার শৌচাগারে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্র দেখিয়ে তাদের ভয়ভীতি দেখান এবং মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যান বলে অভিযোগ করেন ওই কেয়ারটেকার।
এদিকে রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে ঘটনার কথা জানান সালমান মুক্তাদির। তিনি বলেন, হামলায় তার কোনো কর্মী আহত হননি।
সালমানের ভাষ্য, আবাসন প্রকল্পটির কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। জমির মালিকের কাছে চাঁদা দাবি করে তা না পাওয়ার জেরে স্থানীয় একদল বিএনপির কর্মী এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে তার কাছে ব্যক্তিগতভাবে কেউ চাঁদা দাবি করেনি বলে জানান তিনি।
সাংবাদিকদের সালমান বলেন, হামলাকারীরা হয়তো জানতেন না যে ওই জায়গায় তার স্টুডিও রয়েছে। জমির মালিকের সঙ্গে কারও বিরোধের জেরে প্রতিশোধমূলক হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে মাঝখান থেকে তার স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
সালমান বলেন, চলতি বছরের এপ্রিলে অন্য অংশীদারদের সঙ্গে মিলে তিনি স্টুডিওটি প্রতিষ্ঠা করেন। তাঁর দাবি, বাংলাদেশে এ ধরনের স্টুডিও আর ছিল না।
ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে বলেও জানান সালমান। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা কী হয়েছে, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ইসিবি এলাকার একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সালমান মুক্তাদির জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি মামলা করবেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সময় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সরব ছিলেন তিনি।
হামলার পর দেওয়া ভিডিও বার্তায় সালমান এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, হামলায় তার পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে আবারও অভিযোগ করেন সালমান। তবে তার অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











