বগুড়ায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে শ্রমিকের আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্যাসবড়ি (কীটনাশক) খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মাসুদুর রহমান (৫৫) নামে এক বস্তা সেলাই শ্রমিক আত্মহত্যা করেছেন।
রবিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মাসুদুর রহমান শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের রণবীর বালা ঘাটপাড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিহত মাসুদুর রহমান পেশায় একজন বস্তা সেলাই শ্রমিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানি, অ্যাজমা ও পেটে পাথরসহ নানা জটিল রোগে ভুগছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাঁর চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। গত ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে বের হন। পরে রাত ১০টার দিকে বাড়িতে এসে কারোর সাথে কথা না বলে বিছানায় শুয়ে পড়েন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে দেখে এবং তীব্র গ্যাসের বড়ির গন্ধ পেয়ে স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু তিনি বলে "আমাকে হাসপাতালে নেওয়ার দরকার নাই" বলে বারণ করার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষপানের কথা জানতে পেরে তাঁকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর গভীর রাতে তাঁর মৃত্যু ঘটে। ঘটনার পর নিহতের ছেলে মো. আহসান হাবিব (১৮) বাদী হয়ে শেরপুর থানায় একটি অপমৃত্যুর সংক্রান্ত অভিযোগ লিখিতভাবে দায়ের করেন।
শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, দীর্ঘদিন বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে। লাশটি বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












