বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় চারজন শ্রমিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার জৈনাবাজারের আবদার এলাকায় ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

মাইশা আক্তার নামে একজন অভিযোগ করে বলেন, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি নিয়মিত সময়ে অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ না করায় তারা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামেন।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে চারজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

আহত শ্রমিকদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

পরে শ্রমিক নেতাদের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে এসে কারখানার গেটে জমায়েত হন। শ্রমিক নেতারা বকেয়া বেতন পরিশোধের বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকরা কারখানা গেটে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

আন্দোলনরত শ্রমিকরা আব্দুল কাদের বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত সময়ে বেতন-ভাতা দেওয়ার নিশ্চয়তা চান তারা।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে ওশিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ১,৪০০ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
বরিশালে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার