স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে, মামলা হচ্ছে ওসির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
অ- অ+

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। অপরাধীদের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।’

পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে শুধু বদলি করেই ব্যবস্থা শেষ করা হবে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলাও করা হবে।

এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের অপরাধ বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা
বাংলা কিউআরে লেনদেন বাড়াতে প্রণোদনা ঘোষণা
তেজগাঁও বিভাগে এক দিনে গ্রেপ্তার ৯৯ জন
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ৪