ফরিদপুরে চুরি যাওয়া মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০
অ- অ+

ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীমন্দির থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। চুরির ছয় দিনের মধ্যে মূর্তিসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী বাজারের জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার রহমান।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে পূজা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান সেবায়েত ও মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী। পরদিন ভোরে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান, তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ ও রুপার অলংকার এবং পিতলের কয়েকটি প্রতিমা চুরি করা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।

এজাহার অনুযায়ী, চুরি যাওয়া কষ্টিপাথরের মূর্তিটির ওজন প্রায় ২০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ছাড়া প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৩০ ভরি রুপার অলংকার চুরি হয়।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সুপারদের সমন্বয়ে একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার সাজেদা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা স্বর্ণ ও রুপার অলংকার এবং ছয়টি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। পরে সাদ্দাম ও আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালমারীর রুপাপাত এলাকার একটি বাড়ির পেছনের মাটি খুঁড়ে কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় একটি জুয়েলারি দোকান থেকে মূর্তি থেকে গলিয়ে নেওয়া স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি এবং আল আমিনের বিরুদ্ধে আটটির বেশি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। মামলাটি শুরুতে কোনো সূত্র না থাকলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে চুরি যাওয়া মূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নামে মামলা, এজাহারে যা আছে