মির্জাপুরে ওষুধের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০ লাখ টাকার মালামাল

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্লা বাসস্ট্যান্ডে আনোয়ার প্লাজার ‘হালিমা মেডিসিন শপ’-এ এই দুর্ঘটনা ঘটে।
দোকানের মালিক মোজাম্মেল খান জানান, গভীর রাতে ফোনে তাকে দোকান পুড়ে যাওয়ার খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে এসে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ওই দোকানে একপাশে ওষুধ এবং অন্যপাশে ইলেকট্রিক্যাল পণ্য বিক্রি করা হতো বলে জানান তিনি। অগ্নিকাণ্ডে তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











