ঠাকুরগাঁওয়ে ড্রেনে ভাসছে অপরিণত শিশুর মরদেহ

ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনে পৌরসভার একটি ড্রেন থেকে অপরিণত শিশুর মরদেহ ভাসছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা ইসলাম প্লাজার পেছনের ড্রেনে মরদেহটি ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাকিবুল আলম চয়ন জানান, ড্রেনে ভেসে থাকা ভ্রূণটির বয়স আনুমানিক ২০ সপ্তাহ হতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত আমিনুর রহমান বলেন, গতরাত অথবা ভোরের কোনো একসময় অজ্ঞাত কেউ অপরিণত শিশুটিকে সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে শিশুটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানা যায়নি।
স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর বলেন, এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভ্রূণটি ড্রেনে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এটি আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












