স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের দায়ে জাহিদ শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা মানবপাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি জাহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জাহিদ শেখ নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক নারীকে বিয়ে করেন জাহিদ শেখ। এর আগে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে ঢাকায় নিয়ে আসেন তিনি। বিয়ের কিছুদিন পর ভালো চাকরির প্রলোভন দেখিয়ে স্ত্রীকে ভারতের কেরালায় পাচার করে দেয়া হয়।
পরে কেরালা পুলিশ ওই নারীকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ৫ মার্চ ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে জাহিদ শেখসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচার শেষে আদালত মানব পাচার দমন আইনের একটি ধারায় জাহিদ শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া একই আইনের অপর একটি ধারায় তাকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












