যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারের সামনে এক নারীর স্বর্ণের চেইন চুরির অভিযোগে অপর এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আটক নারী হলেন আমেনা খাতুন (৩৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
অভিযোগকারী রাবেয়া খাতুন (৬০) ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি যশোর সদর উপজেলার খয়েরতলায় বেড়াতে এসেছিলেন। পরে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে গেলে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান। এ সময় পেছন থেকে আমেনা খাতুন তার গলায় হাত দিয়ে স্বর্ণের চেইন নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রাবেয়া খাতুন। বিষয়টি টের পেয়ে তিনি আমেনা খাতুনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তাকে হেফাজতে নেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার কসবা ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে আমেনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










