টেকনাফে ঝুঁকি ও ভয় নিয়ে খাল পারাপার, টেকসই ব্রিজের দাবি

কক্সবাজারের টেকনাফে একটি গ্রামে বাঁশের তৈরি ব্রিজ দিয়ে ঝুঁকি এবং ভয় নিয়ে খাল পারাপার করছেন স্কুল-মাদরাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা। পুরো বছরজুড়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-মাদরাসায় যাতায়াত করছেন শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীরা। একই সাথে গত কয়েক বছর ধরে ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি ব্রিজ পেরিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারাও । অনেক সময় বাঁশের সেতু পার হতে গিয়ে স্কুল-মাদরাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে দুঘর্টনা কবলে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা ও পুচিংগাপাড়া সংযোগ সড়কের মাঝখানেই রয়েছে লেদা খাল। ওই খালের উপরে রয়েছে বাঁশের তৈরি ঝুঁকিপুর্ণ ও জরাজীর্ণ একটি সেতু। ঝুঁকিপুর্ণ ওই সেতু দিয়েই চলাচল করছেন কোমলমতি শিশুসহ সর্বস্তরের মানুষ। বেশ কয়েকবছর আগে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে লেদা খালের উপরে একটি সেতু নির্মাণ করে দেন জনৈক রকিম মেম্বার। সময়ের আবর্তে ব্যক্তি উদ্যোগে নির্মিত ব্রিজটি ভেঙে পড়ে। এছাড়া বর্ষার বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুর ভাঙা অংশের একাংশ অনেকটা পানিতে তলিয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় ওই স্থানে তড়িঘড়ি করে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে কোনমতো চলাচল করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, লেদা পুর্বপাড়ার শত শত ছাত্রছাত্রী লেদা ইবনে আব্বাস বড় মাদরাসা, মহিলা মাদরাসা, নুরানী মাদরাসা, লেদা উচ্চ বিদ্যালয় ও লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন।
ওই সব ছাত্রছাত্রী বাঁশের তৈরি উক্ত ব্রিজ দিয়ে অভিভাবকদের সহযোগিতায় পারাপার করছেন। ছাত্রছাত্রীসহ সর্বস্তরের এলাকাবাসী বাঁশের ব্রিজের পরিবর্তে ওই স্থানে দ্রুত সময়ে একটি টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
লেদা ইবনে আব্বাস মাদরাসার ছাত্র মুহাম্মদ রইস, মুহাম্মদ হোসাইন ও আব্দুর রহমান আস সুদাইস জানান, মাদরাসায় যেতে এবং আসতে অভিভাবক নতুবা স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝুঁকিপুর্ণ বাঁশের ব্রিজ পার হতে হচ্ছে। কবে এখানে একটি ব্রিজ হবে এমন আশায় বুক বেঁধে আছেন রইস, হোসাইন এবং সুদাইসের মতো শত শত শিশু শিক্ষার্থীরা।
স্থানীয় যুবনেতা জাগির হোসেন মনু জানান, স্কুল-মাদরাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি ব্রিজ পারাপার করতে হচ্ছে। বছরে দুই বার এই ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের সহযোগিতায় বার বার মেরামত করতে হয়। স্থানীয়দের পক্ষ থেকে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। একদিকে ব্রিজ নিয়ে বেশি কষ্টের মধ্যে আছেন পুর্ব লেদার মানুষ। অন্যদিকে লক্কর ঝক্কর করার কারণে ভয় নিয়ে বাঁশের তৈরি এই ব্রিজ দিয়ে পুর্ব লেদা এলাকার মানুষ যাতায়াত করছেন জানিয়ে স্থানীয় কৃষক মোখতার আহমদ ও আব্দুস সালাম একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান, পুর্ব লেদা ও পুচিংগা পাড়া সংযোগ সড়কের ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। পুর্ব লেদার মানুষের যাতায়াতের অন্য কোন বিকল্প সড়ক না থাকায় ওই এলাকার মানুষ সারা বছর ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন।
তিনি আরো জানান, এলজিইডি ও পিআইও অফিসে ব্রিজ নির্মাণের জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। তবে তিনি স্থানীয় কিছু লোকের অসহযোগিতার কারণে ব্রিজ নির্মাণ কিছুটা জটিলতার কথাও জানিয়েছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.অনীক চৌধুরী বলেন, জনধিক বিবেচনায় দ্রুত সময়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা দিয়ে ব্রিজ নির্মাণের স্থানটি পরিদর্শন করা হবে। এরপরই কোমলমতি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে লেদা খালের ওই স্থানে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













